এ বছরও হবে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

প্রকাশ: ২০১৬-০৬-২৭ ১৫:৪১:২৪


PECপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানালেন মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দেয়নি মন্ত্রিসভা।

ফলে এ বছরও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বসতে হচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এবং অষ্টম শেণির শিক্ষার্থীদের বসতে হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়।

মন্ত্রিসভার বৈঠক শেষে শফিউল আলম সাংবাদিকদের বলেন, যতদিন চূড়ান্ত না হচ্ছে আগের মতোই প্রাথমিক সমাপনী এবং জেএসসি পরীক্ষা চলতে থাকবে।

তিনি জানান, প্রস্তাবটি ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিতভাবে ফের মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে। মন্ত্রিসভায় এটা অনুমোদন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি বহাল থাকবে।

উল্লেখ, গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করেছে সরকার। এরপর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, শেষবারের মতো এ বছর পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা নেবে।

অভিভাবকদের আন্দোলন ও উচ্চ আদালতে একটি রিটের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছিলেন, আমি নিশ্চিত হয়েই বলছি, এ বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা থাকবে না। একেবারেই অষ্টম শ্রেণি শেষে হবে এ পরীক্ষা। পরীক্ষার নাম প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) হবে কি না- তা ঠিক করবে মন্ত্রিসভা।

সানবিডি/ঢাকা/এসএস