সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়: ফখরুল

প্রকাশ: ২০১৬-০৭-০৪ ১৪:০১:৫১


fakhrulsova_107887বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয় বলেই এ ধরনের শর্ত জুড়ে দিচ্ছে।

সোমবার সকালে আর্মি স্টেডিয়ামে হলি আর্টিজাল রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতের প্রতি ফুল ​দিয়ে শ্রদ্ধা জানানোর পর ​সাংবাদিকদের প্রশ্নের জবাবে ​তিনি এ কথা বলেন।

বিএনপির সঙ্গে ঐক্য হতে হলে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে, সরকারি দল আওয়ামী লীগের নেতাদের এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল উল্লেখিত মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতিতে সব কিছুর উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে হলি আর্টিজানের ঘটনার কথা উল্লেখ করে বলেন জাতির এই ভয়াবহ সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তবে রবিবারই আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার এই আহ্বানকে নাকচ করে দেন। তারা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য করার বিষয়টি বিবেচিত হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মির্জা ফখরুলের ​নেতৃত্ব দলের জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা ​কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

সানবিডি/ঢাকা/এসএস