জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী ধরলেন ঢাবি ছাত্র
আপডেট: ২০১৬-০৭-১৫ ১৯:০৭:৫৯

নিজের জীবনের ঝুকি নিয়ে ছিনকারীদের পিছু ধাওয়া করে এক ছিনতাইকারীকে ধরলেন ঢাকা বিশ্বাবদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ তানভীর হোসেন।
আজ (বৃহস্পতিবার) রাত আটটার দিকে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে তিনি সজীব (১৬) নামে এক ছিনতাকারীকে আটক করেন। পরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শামীম ওসমানসহ কয়েকজনের সহযোগিতায় আটককৃত ছিনতাইকারীকে স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে আটকে রাখা হয়।
ছিনতাইয়ের শিকার হওয়া স্কুলছাত্র ইয়াদ ও তাওহীদের ভাষ্যমতে, সন্ধ্যার সময় ক্যাম্পাসের ভিসি চত্বরের পাশে ছয়- সাতজনের একটি দল তাদের কাছে এসে মেয়েদের উত্তক্ত করেছে এমন কথা বলে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরিয়ে শহীদ মিনারের কাছে গিয়ে লাঠি দিয়ে দুজনকে পিটাতে থাকে।
তাদের চিৎকার শুনতে পেয়ে তানভীর ঘটনাস্থলে উপস্থিত হলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় তিনি ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে একজনকে ধরতে সক্ষম হন। বাকিরা সবাই পালিয়ে যায়। মোবাইল ফোন দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ছিনতাইকারীদের প্রত্যেকের বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর।
আটককৃত সজীবের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার মিদ্দাডাঙ্গা বলে জানায় সে। ঢাকায় হোসনীদালান এলাকার বাকরখালি গলিতে ভাড়া বাড়িতে থাকে।
শামীম ওসমান বলেন, বহিরাগতরা আমাদের ক্যাম্পাসে এসে ছিনতাইসহ নানারকম অপরাধমূলক কর্মকান্ড ঘটায় আর বদনাম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। এজন্য ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সজাগ হতে হবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













