অনুপস্থিত শিক্ষার্থীদের তদন্ত শুরু রাবি প্রশাসনের
প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১৮:০৭:২৫
দশ দিনের বেশি সময় ধরে বিভাগ কিংবা অনুষদে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এ সংক্রান্ত একটি নির্দেশনার পর গত বুধবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার দফতরে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি দেশে দুটি জঙ্গি হামলার ঘটনার পর শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দশ দিনের বেশি সময় শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ে তথ্য দিতে হবে।
এই নির্দেশনার পর গত বুধবার থেকে শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে বিভাগগুলোতে একটি চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির উত্তর বিভাগগুলো থেকে পেলেই শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য হাতে আসবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর দফতর থেকেও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়সহ দেশের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এ কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মজিবুল হক আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কোন বিষয়ে তথ্য সংগ্রহ করছে তা নিরাপত্তার স্বার্থে এখনই বলা যাচ্ছে না।’ শিক্ষার্থীদের বিষয়ে ভালোভাবে খোঁজ নেয়ার পরই এ বিষয়ে জানানো হবে বলেন তিনি।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িত থাকায় সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন বা এর বেশি সময় ধরে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গত রোববার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













