দীর্ঘ ছুটি শেষে হলে ফিরছে ইবি শিক্ষার্থীরা, কাল থেকে ক্লাস পরিক্ষা শুরু
প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১৮:১৪:৫৯
পবিত্র মাহে রমজান, শবে ক্বদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ রবিবার হলে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
আজ রবিবার আবাসিক হল খোলা হলেও গত শনিবার থেকে বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সোমবার থেকে যথারীতি সকল বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, মাহে রমজানের ছুটির মধ্যে বেশ কিছু বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক ভাবে আবাসিক হল বন্ধ হওয়ার ফলে বিভাগ গুলো পরীক্ষা গ্রহণ করতে পারেনি। ফলে ঈদুল ফিতর ও রমজানের ছুটি শেষে অধিকাংশ বিভাগেই পরীক্ষা শুরু হয়ে যাবে। এব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও একাডেমিক শাখা সব ধরণের প্রস্ততি সম্পন্ন রেখেছে বলে জানা গেছে।
এদিকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন এ তথ্য জানিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মাইকিং করে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা দেয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে অফিসে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের কক্ষে অনুষ্ঠিত এক মিটিং থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ক্যালেন্ডার বিতরণ ও বিক্রয়ের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্টার এসএম আব্দুল লতিফ।
সানবিডি/ঢাকা/তরিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













