দল যেখানে কাজে লাগাবে সেখানে কাজ করবো: মান্নান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১১ ১৫:৫৭:৫৮
সদ্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চমৎকার মন্ত্রিসভা করেছে সরকার। প্রত্যেকে কাজের মানুষ। তবে এবার আমি মন্ত্রীসভায় থাকতে না পারলেও সংসদে আছি। সংসদ সরকারের ওপরে। আমি দলের এবং শেখ হাসিনার একজন কর্মী। দল যেখানে কাজে লাগাবে সেখানে কাজ করবো।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শেষ অফিস করছেন তিনি। বিদায়ী দিনে মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কুশলাদি বিনিময় করেন তিনি।
বিদায় বেলায় কোনো আক্ষেপ বা কষ্ট রয়ে গেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেছেন, নো নো, আমি এনজয় করছি। আমার কোনো কষ্ট নেই।
তিনি বলেন, কাজের চমৎকার পরিবেশ আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। এখানে কাজ উপভোগ করা যায়। সবকিছুই প্রাণবন্ত। এখানে একটা একাডেমিক পরিবেশ আছে। সব মিলে এই মন্ত্রণালয়ে প্রচুর কাজের পরিবেশ আছে। তবে এখানে একটাই চ্যালেঞ্জ, সবার প্রত্যাশা অনেক বেশি থাকে। এখানেও নানা বিধিবিধান মেনেই কাজ করতে হয়। বাস্তবিক অর্থে এখানে প্রধানমন্ত্রীই প্রধান।
এই মন্ত্রণালয়ে নতুন যিনি মন্ত্রী হয়ে আসবেন তার প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে নতুন যিনি নিয়োগ পাচ্ছেন তিনি আমার সহকর্মী। কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি আমার সরকারের বাইরের কেউ নন। নতুন যিনি আসবেন তাকে অভিনন্দন জানাই।
এম এ মান্নান বলেন, বাংলাদেশের অনেক আর্থ-সামাজিক বিবর্তন হয়েছে। এখানে প্রকল্প পাস ও তৈরি করা হয়। এখানে সব প্রকল্পই জনকল্যাণে হয়। সবাই খুব অভিজ্ঞ ও ভালো। আগামীতেও সবাই আমরা দেশের কল্যাণে কাজ করবো।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














