জঙ্গী হামলার প্রতিবাদে ইবির শাপলা ফোরাম ও ছাত্রলীগের প্রতিবাদ মিছিল সমাবেশ

প্রকাশ: ২০১৬-০৭-২০ ১৮:৪১:১৬


Untitledসম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চলমান জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের একাংশ।

বিশ্ববিদ্যলয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদের ভবনের সামনে বঙ্গবন্ধু পরিষদের একাংশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মকর্তারা ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জেষ্ঠ্য অধ্যাপক ড. আ ন ম রেজাউল করিমের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. সাইদুর রহমানের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোহাম্মদ সালেহ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন প্রমুখ।

অন্যদিকে গুলশানের হলি আর্টিজেন রেস্তোরা ও শোলাকিয়া ইদগাহ ময়দানসহ সারাদেশে জঙ্গি হামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অমিত কুমার দাস।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ন ভবনগুলো প্রদক্ষিন করে দলীয় টেন্টে এসে শেষ হয়।

এসময় সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রানা, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান, সংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে মিছিল চলাকালীন শিবির সন্দেহে ইংরেজী ও আইন বিভাগের দুইজন সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিছিল চলাকালে শিবির সন্দেহে অনুষদ ভবনের কোরিডরে ইংরেজী বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র আবু ছালেহ এবং মীর মশাররফ হোসেন একাডেমি ভবন থেকে আইন ও মুসলিম বিধান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র শাহেদকে মারধর করে তারা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষার পরিবেশ বিগ্নিত করছে জানতে পেরে ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করেছে।”

সানবিডি/ঢাকা/তারিকুল/আহো