দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৪ ১৫:১১:৩৩
খুলনায় নগরীর ময়লাপোতে মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে হত্যা মামলার আসামি শেখ সাদেকুর রহমান রানা ওরফে বিহারি রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে পলাশ নামে এক যুবকও আহত হয়েছেন। নিহত রানা সোনাডাঙ্গা থানার দেবেন বাবু রোডের শেখ মোহাম্মদ ইসলামের ছেলে।
এ ব্যাপারে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ময়লাপোতা মোড়ে রানাসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা রানাকে উদ্দেশ্য করে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার সঙ্গে থাকা ময়লাপোতা এলাকার মহারাজের ছেলে আহত পলাশ জানিয়েছেন, কে বা কারা গুলি করেছে এবং কেন করেছে সেটি তারা বুঝতে পারেনি। নিহত রানার গলায় গুলি লেগেছে।
পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, নিহত রানার বিরুদ্ধে রাজধানীর কেরানীগঞ্জে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১৬ মামলা রয়েছে। কিছু দিন আগে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













