একাধিক ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৬ ১৬:০৫:৩৫


নোয়াখালীর চাটখিলে চার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলের দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমির মাদরাসার শিক্ষক।

জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। গত কয়েক মাস ধরে ভয় ভীতি দেখিয়ে চার শিক্ষার্থীসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভেতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সাথে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

এম জি