হিমেল হাওয়ায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৭ ১২:৫০:২২


হিমালয়ের নিকটবর্তী জেলা দিনাজপুরে শৈত্যপ্রবাহ মাঝারি থেকে মৃদুতে রুপ নিয়েছে। তবও কমেনি শীতের তীব্রতা। হিমেল বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণাকারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, নিম্নমুখী এই তাপমাত্রা আরও দুই-একদিন চলতে পারে।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার। এর আগে শুক্রবার এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় দুই থেকে আড়াই কিলোমিটার।

আজ শনিবার সকাল থেকেই ঘনকুয়াশায় ঢাকা রয়েছে চারপাশ। সকাল সাড়ে দশটা বাজলেও দেখা মেলেনি সূর্যের। এমনটি প্রায় প্রতিদিনই হচ্ছে। সূর্যের মুখ দেখা যাচ্ছে দুপুরের পর, প্রখরতাও খুব একটা বেশি থাকছে না। এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তারাও প্রয়োজনীয় কাজ সেরে আবার ঘরে ফিরছেন।

তীব্র এই শীতে শুধু মানুষজনই নয়, ফসলেরও ক্ষতি হচ্ছে। কৃষক বলছেন, অব্যাহতভাবে ঘনকুয়াশা আর শীতের কারণে ফসলের ক্ষতি হয়েছে। আলু ও টমেটোর গাছের পাতা কুঁকড়ে মরে যাচ্ছে। বোরো বীজতলায় চারার রঙ লালচে হচ্ছে।

এনজে