বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৭ ১৩:০১:২৫


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে মোরশেদ ‍আলমের কমপ্লেক্সের সামনে রেলগেট সুপার মার্কেট, আজিজ মার্কেট ও বিওসি মার্কেটে আগুনে পুড়ে ২০টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিন মার্কেটের কসমেটিকস, ইলেকট্রনিকসসহ বিভিন্ন সামগ্রীর অন্তত ২০টি দোকান পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এ বিষয়ে স্থানীয়রা জানান, রেলগেট সুপার মার্কেটে হঠাৎ আগুনের শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সেনবাগ ও সোনাইমুড়ীসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ১৫-২০টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে সহায়তা করে। পাশাপাশি পুড়ে যাওয়া দোকান থেকে বের করা পণ্যসামগ্রী নিরাপদ রাখতে ভূমিকা পালন করে। তবে আগুনে ঠিক কতটি দোকান পুড়ে গেছে তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

এনজে