চলমান জঙ্গিবাদের বিরুদ্ধে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

প্রকাশ: ২০১৬-০৭-২৪ ১৯:৪৮:০৪


JNUজঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকেরা।

রোববার দুপুরে জবি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে গুলশান ট্র্যাজেডি, শোলাকিয়ার জঙ্গি হামলাসহ বাংলাদেশে চলমান জঙ্গি তৎপরতার  বিরুদ্ধে এক মানববন্ধনে শিক্ষকেরা এ অঙ্গীকার করেছেন।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান,  আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।মানববন্ধনে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জঙ্গিবাদ দমনে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন, প্রতিরোধ ও চেতনা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা, খেলাধুলা, কাউন্সেলিং, মুক্তবুদ্ধির চর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ড বাড়ানোর দিকেও নজর দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। এসময় বক্তরা গুলশান ট্র্যাজেডিসহ সকল জঙ্গি তৎপরতার নিন্দা জ্ঞাপন করেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ জাতীয় সন্ত্রাসের মূলোৎপাটনে কাজ করার আহ্বান জানান এবং এ জাতীয় সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম, প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে।

সানবিডি/ঢাকা/এসএস