রাজশাহীতে বাজারের ব্যাগ থেকে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-২৮ ১৬:১৬:৩৬


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় একটি খামারবাড়ীতে কয়েকটি স্থানে বালির স্তুপে প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিনের নেতৃত্বে শনিবার রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা বলে দাবি পুলিশের।

রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন তথ্যে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে।

তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি। তিনি ভারত থেকে হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে দেওয়াল টপকে পালিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদককারবারী। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো।

এ ঘটনায় পলাতক আসামি করে খামারের মালিক ওই গ্রামের আজিজুল হকের ছেলে ফরিদুল ইসলাম ও বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানার নামে মামলা হয়েছে।

এমজি