দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৫.৭ ডিগ্রি রেকর্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৯ ১২:০০:৪৬


উত্তরের জেলা দিনাজপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আজ সোমবার (২৯ জানুয়ারি) এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের সঙ্গে রয়েছে হিমেল বাতাস, গতিবেগও বেশ। ফলে বিপর্যস্ত এই এলাকার মানুষ।

এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় সাড়ে ৩ থেকে ৪ কিলোমিটার। এর আগে রবিবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় সাড়ে ৫ থেকে ৬ কিলোমিটার।

হিসাব মতে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারী ও ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলে। সেই হিসেবে বর্তমানে এই জেলায় দুই দিন ধরেই তীব্র শৈত্যপ্রবাহ চলছে।

তবে তীব্র শৈত্য প্রবাহ চললেও কিছুটা স্বস্তি দিয়েছে সকালের সূর্য। দুই দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যেই সূর্য সকালেই উঠছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উত্তাপও বেড়েছে। রবিবারও সকাল সাড়ে ৯টার পর সূর্য ওঠে ও উত্তাপ বাড়তে শুরু করে। সারাদিনই ছিল রোদ ও উত্তাপ।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, এই তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ আর তিন দিনের মতো স্থায়ী হতে পারে। এরপর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা বাড়বে। তবে আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে, তাছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতেও আশঙ্কা রয়েছে।

এনজে