মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৯ ১৪:৪০:৫২
চলমান শীতের প্রকোপের মধ্যেই আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে মাঘের বৃষ্টি। যা পরবর্তী ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বেড়ে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমে যাবে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। রোববার ৪৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সোমবার ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী কয়েকদিনও বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে। তীব্র শীতে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে।
আজ সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে যা তেঁতুলিয়ায় ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও বেশ শীত অনুভূত হচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













