কুবি সাংবাদিক লাঞ্ছনার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৭-২৭ ১৯:১৫:১৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীর শাস্তির দাবিতে এবার অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়। অবস্থান কর্মসূচি ও সমাবেশ থেকে আগামী সোমবার (১ আগস্ট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় সাংবাদিকদের এ সংগঠন। এর আগে একই দাবিতে ২০ জুলাই মানববন্ধন এবং ২৫ জুলাই মৌন মিছিল করে সংগঠনটি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অনিয়মের সংবাদ পরিবেশন জেরে গত ১৭ ও ১৮ মে বিভিন্নভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের লাঞ্ছিত করেন সেকশন অফিসার জাকির হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ এবং কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান তুষার। ১৮ মে সাংবাদিক সমিতির সভাপতি রাসেল মাহমুদকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ক্যাম্পাস ছাড়া করার হুমকি দেয় কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান তুষার।
ঐ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে ১৯ মে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করে সাংবাদিক সমিতি। অভিযুক্তদের বিচারের দাবিতে বুধবারের অবস্থান কর্মসূচি ও সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করে আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস’, রক্তদাতা সংগঠন ‘বন্ধু’, কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি, সায়েন্স ক্লাব, থিয়েটারসহ বিভিন্ন সংগঠন। সমিতির অর্থ সম্পাদক মো: মতিউর রহমানের উপস্থাপনায় ও সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে বক্তারা অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানান।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













