দেড় হাজার গাছ লাগাবে রাবি কর্তৃপক্ষ

প্রকাশ: ২০১৬-০৭-৩০ ১৮:৩৩:৩০


ru tree (1)বর্ষা মৌসুমে পুরো ক্যাম্পাস জুড়ে বনজ, ওষুধি ও ফলদসহ বিভিন্ন ধরণের অন্তত দেড় হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার সকালে শহীদ হবিবুর রহমান হলের সামনের মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের সার্বিক তত্তাবধানে মাসব্যাপী চলবে এই বৃক্ষরোপণ কর্মসূচি।

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ শীর্ষক এই কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কৃষি প্রকল্প উপদেষ্টা কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানও গাছের চারা রোপণ করেন। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান ও কৃষি প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌ. মো. এমরান আলীসহ কৃষি প্রকল্প উপদেষ্টা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতি বছরই কৃষি প্রকল্পের উদ্যোগে ক্যাম্পাসে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ করা হয়। পরিকল্পনা করে ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানে এসব গাছ লাগানো হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই এবছর পুরো ক্যাম্পাস জুড়ে অন্তত দেড় হাজার গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও সকল আবাসিক হলের সামনের ফাঁকা জায়গাসহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করা হবে। রোকেয়া হলের পেছনে অবস্থিত একটি ফাঁকা মাঠে কাঠাল বাগান করার বিষয়েও চিন্তা করছে কৃষি প্রকল্প। এবছর মেহগনি, আকাশমনি, কাঠাল, কড়ই, নিম ও বকুল ফুলের গাছসহ বিভিন্ন ধরণের বৃক্ষরোপণ করা হবে।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো