ইসলামী ব্যাংক থেকে সরে গেল ইউনাইটেড গ্রুপ

আপডেট: ২০১৬-০৮-০২ ১২:৪৫:৩৮


IBBL Logoপুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পর্ষদ থেকে সরে গেছে শাহজালাল (রা.) ইন্ডাস্ট্রিয়াল সিটি। এমনকি কোম্পনিটি ব্যাংকে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছে। রোববার কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ব্যাংকটির ৩ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩৩৫টি শেয়ার বিক্রির করে দেয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে অনুযায়ী, গত ২১ জুলাই শেয়ার বিক্রির পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাদের মনোনীত পরিচালককে প্রত্যাহারের প্রস্তাব দেয় শাহজালাল (রা.) ইন্ডাস্ট্রিয়াল। ইসলামী ব্যাংকের পর্ষদে তা গৃহীত হয়। এরপর গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩৩৫টি শেয়ার কেনাবেচার প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি শেয়ার ৩২ টাকা দরে হাতবদল হয়।

জানা গেছে, চলতি বছরেই ইসলামী ব্যাংকের বড় অঙ্কের শেয়ার কিনে হযরত শাহজালাল (রা.) ইন্ডাস্ট্রিয়াল সিটি লিমিটেড। ব্যাংকের সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির পক্ষে ইসলামী ব্যাংকের মনোনীত পরিচালক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এএনএম সাইদুল হক খান।

এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল মান্নান বলেন, কোনো প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীর শেয়ার ক্রয়-বিক্রয় সাধারণ ঘটনা। গত তিন মাসে ইসলামী ব্যাংকে মোট ১১ জন পরিচালক যুক্ত হয়েছেন। এর মধ্যে কেউ সম্পূর্ণ শেয়ার বিক্রি করে চলে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে নতুন কেউ এর মালিক হবে। তাদের প্রতিনিধিও পর্ষদে আসতে পারে। ব্যাংকের ব্যবসার সঙ্গে এর তেমন সম্পর্ক নেই।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গ্র্যান্ড বিজনেস নামের একটি কোম্পানি ইসলামী ব্যাংকের এসব শেয়ার কিনে নিয়েছে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংকটি ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-জুন’১৬) ব্যাংকের কর-পরবর্তী মুনাফা হয়েছে ৩৪৬ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২.১১ টাকা।

এদিকে, ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দেয় ইসলামী ব্যাংক। সমাপ্ত বছরে ব্যাংকটির ইপিএস দাঁড়ায় ১.৯৬ টাকা।

ব্যাংকটির ২ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা রয়েছে। আর রিজার্ভে আছে ৩ হাজার ১১৯ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইর সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, ইসলামী ব্যাংকে বর্তমানে ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৬৫.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৫.৮৪, প্রবাসী বিনিয়োগকারীদের কাছে ৮.৭৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯.৪৩ শতাংশ শেয়ার।

সানবিডি/ঢাকা/এসএস