বিএনপির জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন এমাজউদ্দীন

আপডেট: ২০১৬-০৮-০২ ১৬:৩৫:১২


Emaj Uddinবিএনপির জোটসঙ্গী জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়তে বাধা একটি রাজনৈতিক দল।

তিনি আরো বলেন, এই দলটিই এখন জাতীয় ঐক্যের সবচেয়ে বড় প্রতবিন্ধকতা। যে কোন সময়ে ক্ষমতাসীন দল নিষিদ্ধ করতে পারে এই দলকে। খালেদা জিয়াসহ বিএনপির অনেক নেতা এখন বুঝতে পেরেছেন এই দলকে তাদের কোনো প্রয়োজন নেই।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি অনুসারী এই শিক্ষক।

জাতীয় ঐক্য ছাড়া দেশের বর্তমান সংকট উত্তরণ অসম্ভব বলে তিনি জানান।

জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘‘জঙ্গিবাদের শিকড় বাংলাদেশের খুব বেশি দুর যায়নি। এটা নির্মূল করা সম্ভব। তার জন্যে দরকার জাতীয় ঐক্য। জঙ্গিবাদের বিরুদ্ধে যদি জাতীয় ঐক্য গড়তে পারি, সবাই মিলে যদি জঙ্গিবাদকে ঘৃণা করতে পারি। তবে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। সভ্য সমাজের কেউ জঙ্গিবাদকে মেনে নিতে পারে না।’’

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

সানবিডি/ঢাকা/এসএস