জামায়াত ছাড়ার বিষয়ে এমাজউদ্দিনের বক্তব্য বিএনপির নয় : ফখরুল

প্রকাশ: ২০১৬-০৮-০৩ ১৫:১৯:০৬


bnp_21031_1470213992বিএনপির জামায়াত সঙ্গ ছাড়ার বিষয়ে ড. এমাজউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ জামায়াত প্রসঙ্গে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বাড়ি নিয়ে মামলায় রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম বলেন, সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল, দুর্বল ও পঙ্গু করার নীল নকশার অংশ হিসেবে মওদুদ আহমদকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় দায়িত্ব থেকে খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এটি ফলপ্রসূ হলে গণমাধ্যমকে জানানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের এক মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিএনপির ‘থিংক ট্যাংক’ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ বলেছিলেন, ‘খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন যে, ২০ দলের মধ্যে অন্তত জামায়াতে ইসলামীকে আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই। এ দলটি তার জন্য বর্তমানে সম্পদ নয়, বোঝা।’

জামায়াতকে নিষিদ্ধ করা বিষয়ে এমাজউদ্দিন বলেন, ‘যে কোনো সময় ক্ষমতাসীন দল ‘ওই’ দলটিকে নিষিদ্ধ করতে পারে। যে কোনো মুহূর্তে নিষিদ্ধ করতে পারত। এখন আমাদের এই দেশের যে অবস্থা, জাতীয় ঐক্য গড়ে তোলার পক্ষে অসুবিধা হচ্ছে মোটামোটিভাবে একটি রাজনৈতিক দল। এটাই বড় প্রতিবন্ধকতা, এই হিসেবে মনে হয়।