বিজিপির আরও ১৭৯ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৩-১২ ১১:২৫:১৯
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৭৯ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
সোমবার (১১মার্চ) সকাল থেকে নাইক্ষ্যংছড়ি দিয়ে মোট ১৭৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সারাদিনে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার বিজিপির ১৭৯ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এদিকে, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাবের আহমদ আহত হয়েছেন। সোমবার (১১মার্চ) বিকেল ৪টার সময় নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নে সীমান্ত জামছড়ি মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, গুলিবিদ্ধ ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে বিজিপির সংঘর্ষ শুরু হয়। এর জেরে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ নাগরিক।
গত ১৫ ফেব্রুয়ারি তাদেরকে আনুষ্ঠানিকভাবে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে বিজিপির ৩০২ সদস্য, তাদের পরিবারের ৪ সদস্য, ২ জন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













