লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১৫ ১৭:২২:৩৫


কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে মো. অর্নব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া এবং মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ শুক্রবার দুপুরে মধ্যমপাড়ার আবুল কাশেম এবং মোল্লা বাড়ির আলাউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত চারজন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্নবকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে নাজমুল ও অনিক নামের দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় নেওয়া হয়েছে।

এম জি