রাজশাহীতে বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৮-০৯ ১৪:৪৭:৪০
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালাইমারী এলাকায় বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম শিমুল। সে নগরীর মির্জাপুর পূর্বপাড়া এলাকার বাবলু কসাইয়ের ছেলে এবং মসজিদ মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্র। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিমুল ও তার বন্ধু ইশতিয়াক বিকেলে মোটরসাইকেলে বাড়ি থেকে নগরীর সাহেববাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তালাইমারি এলাকায় মোটরসাইকেলটি বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে (রাজ মেট্রো স-১১০০৩) ওভারটেক করে। এসময় মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে শিমুল ও তার বন্ধু রাস্তার উপরে পড়ে যায়। এসময় বাসটি শিমুলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এতে তার বন্ধু ইশতিয়াকও আহত হয়। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মারা যাওয়ার কথা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
সানবিডি/ঢাকা/রাবি/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













