গুনাহার ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা নূর মোহাম্মদ আটক
প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৩-২৮ ১৯:৩৪:৪৭
বগুড়ার দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা এবং গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহেরকে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) রাতে তাকে গুনাহারের ভান্ডুরিয়া এলাকা থেকে আটক করা হয়। একই সময় তার গাড়িচালক রাহিম খান এবং সহকারী রমজান আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, গতকাল রাত ১১টার পর থেকে নূর মোহাম্মদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যদিও রাতেই তাকে পুলিশ নিয়ে গিয়েছিল। কিন্তু প্রথমে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছিল। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বৃহস্পতিবার দুপুরে বলেন, নূর মোহাম্মদকে ইউনিয়নের ভান্ডুরিয়া এলাকা থেকে এবং অপর দুজনকে গুনাহারের সাহেব বাড়ি রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা নূর মোহাম্মদ আবু তাহের ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
নূর মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন ২ হাজার ৯০৪ ভোট।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













