ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলের হামলা, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-৩১ ১০:০৯:১০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় থাকা ভিড়ে ফের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
রোববার (৩১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগেও কয়েক দফায় গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর এই ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল কুয়েত গোলচত্বরে হামলায় নিহতের সংখ্যা ১২ জন থেকে বেড়ে ১৭ জনে পৌঁছেছে। হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন। সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে গাজার ওই মোড়ে জড়ো হচ্ছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছে।
এর আগে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট বলেছিল, শুক্রবার (২৯ মার্চ) একই গোলচত্বরে সাহায্য বিতরণের সময় বন্দুক হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়। সেসময় হাজার হাজার মানুষ সেখানে ময়দা এবং অন্যান্য সরবরাহ বহনকারী ট্রাকগুলোর আসার অপেক্ষায় জড়ো হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ত্রাণ বিতরণের তত্ত্বাবধানকারী গাজাবাসীরা ফাঁকা গুলি চালায়, তবে ওই এলাকায় ইসরায়েলি সেনারাও গুলি চালায় এবং কিছু চলন্ত ট্রাক খাবার নেওয়ার চেষ্টা করা লোকদের আঘাত করে। এতেই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে হামলার প্রত্যক্ষদর্শীরা মেডিক্যাল টিম এবং বেসামরিক ব্যক্তিদের সহায়তায় হতাহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সংগ্রামের ‘বেদনাদায়ক দৃশ্য’ বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, হামলার পর কিছু আহত লোক মাটিতেও পড়ে ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে খাদ্য ও সহায়তা সরঞ্জাম সরবরাহকারী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর একাধিক বার বড় পরিসরে হামলা চালিয়েছে এবং এতে বহু সাহায্যপ্রার্থী ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র্র: আল জাজিরা
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














