তুলা চাষে প্রথমবার প্রণোদনা দিচ্ছে সরকার
আপডেট: ২০২৪-০৪-০১ ২০:৫৬:০১
প্রথমবারের মতো তুলার উৎপাদন বাড়াতে ৯ কোটি ৯০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। সোমবার (১ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬টি জেলার ১২ হাজার ৩৭৫ জন কৃষক জনপ্রতি এক বিঘা জমিতে তুলা চাষের জন্য প্রয়োজনীয় হাইব্রিড তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার এবং বিভিন্ন রকমের বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিনামূল্যে পাবেন। এসব উপকরণের বাজারমূল্য ৮ হাজার টাকা।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফখরে আলম ইবনে তাবিব জানিয়েছেন, প্রথমবারের মতো তুলা চাষে কৃষকদের প্রণোদনা প্রদান করা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ এরই মধ্যে জারি হয়েছে। মাঠ পর্যায়ে শিগগির এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














