ফজলুর রহমান পটলের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
প্রকাশ: ২০১৬-০৮-১২ ১২:২৬:১৮
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল গতরাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, মরহুম ফজলুর রহমান পটল ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করার পর থেকে আমৃত্যু দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।
খালেদা জিয়া বলেন, তাঁর জীবদ্দশায় দেশ ও দলের প্রতি তাঁর ভালবাসা ছিল অকৃত্রিম। বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে দৃঢ়চিত্তে মোকাবেলা করতে তিনি যে ভূমিকা পালন করেছেন তা দলের সকল নেতাকর্মীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার ছিল অতুলনীয়। মানুষের নাগরিক ও মত প্রকাশের স্বাধীনতায় তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। এজন্য স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অনবদ্য। স্বাধীনতা যুদ্ধে দেশমাতৃকার মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বিএনপি চেয়ারপার্সন বলেন, দেশের মানুষের প্রতি অত্যন্ত সহমর্মী মরহুম ফজলুর রহমান পটল এর মৃত্যুতে দেশ একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিককে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়।
বিএনপি চেয়ারপার্সন মরহুম ফজলুর রহমান পটল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলকে দেশের স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য সংগঠক ও দেশের কীর্তিমান রাজনীতিক হিসেবে উল্লেখ করে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল এই মানুষটি তাঁর সূদীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য কাজ করে গেছেন। দলের নানামূখী সংকট এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দু:সময়ে একজন নিবেদিতপ্রাণ যোদ্ধা হিসেবে বিএনপি চেয়ারপার্সনের পাশে থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের প্রতি আনুগত্যবোধ এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে ক্রীড়ার মানোন্নয়নে তাঁর অবদানের জন্য তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিএনপি’র জন্মলগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দলকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকার কথা দলের নেতাকর্মীরা কোনদিন বিস্মৃত হবে না। দেশের বর্তমান দু:সময়ে তাঁর না ফেরার দেশে চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে বিরাট শুণ্যতার সৃষ্টি হলো। দেশের মানুষকে অকৃত্রিম ভালবাসায় কাছে টেনে নেয়ার এক সহানুভূতিসম্পন্ন মানুষ মরহুম ফজলুর রহমান পটল এর মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত হয়েছি। তাঁর মতো একজন অকপট, সরল, আত্মবিশ্বাসী ও হৃদয়বান মানুষের মৃত্যুতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীরা আজ গভীর শোকে ম্রিয়মান”।
বিএনপি মহাসচিব মরহুম ফজলুর রহমান পটল এর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরুপ এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও রাকসুর সাবেক ভিপি মরহুম ফজলুর রহমান পটলকে স্বাধীনতাত্তোরকালের একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, “অনন্য বাগ্মী, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান পটলের মৃত্যুতে দেশবাসী, এলাকার জনগণ ও দলের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মন্ত্রী হিসেবে তাঁর উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে সকলের প্রতি তাঁর বন্ধত্ত্বসূলভ আচরনের জন্য তিনি সকল মহলে ছিলেন সমাদৃত। ফজলুর রহমান পটল স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামের সাথে জড়িত একটি নাম। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও মানুষের পক্ষে অবস্থান গ্রহণ করায় তিনি মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন। বর্তমানের এই দু:সময়ে তাঁর পৃথিবী থেকে বিদায় নেয়া দেশ ও দলের মধ্যে শুন্যতার সৃষ্টি হলো।”
রুহুল কবির রিজভী মরহুম ফজলুর রহমান পটল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














