নরসিংদীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-১১ ১০:১০:৫২
নরসিংদীর মাধবদীতে সিমেন্ট বোঝাই এক কাভার্ডভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ ৪ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় আরও ৮ জন।
বুধবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত করোর পরিচয়ই নিশ্চিত করা যায়নি।
মাধবদী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো একটি মাইক্রোবাস। এসময় মহাসড়কের মাধবদী এলাকায় পৌছলে নরসিংদী থেকে ঢাকাগামী প্রিমিয়ার সিমেন্টের কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় নারীসহ বেশ কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় আরও তিনজনের। আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছেন। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













