কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-১৩ ০৯:৩০:১৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি প্রবাসী নাঈম (২৮) এবং ফল ব্যবসায়ী শরীফ (২১)। এ ছাড়া এসময় নিহত শরীফের বোন লিজা (২৩)সহ দু’জন সহযাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত নাঈম উপজেলার পোড়া বাড়িয়া গ্রামের শহীদুল্লাহ্’র ছেলে এবং শরীফ একই উপজেলার পাইক লক্ষিয়া গ্রামের আবুল কালামের ছেলে। এদের মধ্যে সৌদি প্রবাসী নাঈম গত সপ্তাহে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে তারা নিজ নিজ বাড়ি থেকে নাঈম এবং শরীফ তাদের সহযাত্রীদের নিয়ে মোটরসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন। পথে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া বাজার এলাকার ঈদগাহ মাঠ অতিক্রমের সময় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম এবং হাসপাতালে শরীফের মৃত্যু হয়। লিজাসহ অন্য দুই আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













