আগাম নির্বাচনের আওয়াজ ষড়যন্ত্রের অংশ : ফখরুল

প্রকাশ: ২০১৬-০৮-২১ ১৫:৩২:৫৭


FakhrulFakhrulহঠাৎ আগাম নির্বাচনের আওয়াজকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। বিএনপি অতিদ্রুত সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায়। যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে রবিবার দুপুরে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ন্যাপ এ স্মরণ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো অব্যাহত আছে।  আওয়ামী লীগ সেই দল যারা নিজেদের অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি বিভ্রান্ত করে।’

২১ আগস্টকে বাংলাদেশের জন্য একটি কলঙ্কময় ঘটনা বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘২০০৪ সালে ২১ আগস্ট যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে পুঙ্গঙত্ব বরণ করেছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সবচেয়ে বড় স্বৈরচারী ভূমিকায়। জঙ্গিবাদ নয় এদের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে দমন করা।’

জাতীয় ঐক্যে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা কোনো নির্বাচনের জন্য ঐক্য গড়ে তোলা নয়, এটা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশ ও জাতিকে রক্ষায় আন্দোলনের ডাক। আর এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি। এ সময় বক্তব্য রাখেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়াসহ দলটির নেতারা।

সানবিডি/ঢাকা/এসএস