গ্রেনেড হামলায় জড়িতদের বিচার চেয়ে প্রগতিশীল শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ: ২০১৬-০৮-২১ ১৮:১২:০২
২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
রোববার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা, সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা ২০০৪ সালে গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে কলঙ্কের ইতিহাস রচনা করতে চেয়েছিলো। কিন্তু তা পারেনি। তাদের সে ষড়যন্ত্র ধূলিস্যাৎ হয়ে গেছে। সেদিনের হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। এখনও স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। দেশে এখনো তারা অঘটন ঘটিয়ে সাধারণ জনমনে ভয়ের সঞ্চার করছে। এসব ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, কারা সেদিন এই হামলা করেছিল’।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













