ইবি’র নতুন উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

আপডেট: ২০১৬-০৮-২১ ১৯:২৫:৩১


selimইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. রাশিদ আসকারী উপাচার্য এবং আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার বিকেল সোয়া তিনটার দিকে শিক্ষামন্ত্রণালয়ের সহকারী (বিশ্ববিদ্যালয়-২) সচিব আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।

ফ্যাক্স বার্তায় জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২তম ভিসি হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী (রাশিদ আসকারী) ও বিশ্ববিদ্যালয় আইন ১২ (১) ধরা অনুযায়ী আইন বিভাগের প্রফেসর ড. সেলিম তোহাকে কোষাধ্যক্ষ হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, অধ্যাপক ড. রাশিদ আসকারী রোববার বিকেল চারটার দিকে নতুন ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এর আগে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফোকলোর বিভাগের সভাপতি ও ইনস্টটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন লেখক ও কলামিস্ট হিসেবে পরিচিত।

প্রফেসর ড. আসকারী ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও ১৯৮৬ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) এবং ২০০৫ সালে ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

অপরদিকে, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা এর আগে বিভাগীয় সভাপতি, আইন ও শরিয়াহ অনুষদের ডিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট, প্রক্টর, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ১১তম ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দেয় সরকার। এর আগে গত বছরের ২৫ নভেম্বর কোষাধ্যক্ষ প্রফেসর ড. আফজাল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়।

সানবিডি/ঢাকা/তারিকুল/আহো