পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৫-১০ ১০:২৫:১১
পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হালিমা জান্নাত মালিহা মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে মালিহার বিয়ে হয়। এরপর লেখাপড়ার সুবাদে পৌর শহরে মুসলিমপাড়া এলাকায় তার মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসা থেকে লেখাপড়া করতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর রুমের দরজা বন্ধ ছিল। এতে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে আত্মীয়-স্বজনেরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













