চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ
প্রকাশ: ২০১৬-০৮-২৩ ২১:৫৪:৫১
তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী সিক্সটি নাইন ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের অনুসারী বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে আলাওল হলের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিজয় পক্ষের কর্মী শেখ আহমদের সঙ্গে একই বর্ষের সিক্সটি নাইন পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বিকেল ৫টার দিকে শেখ আহমদ শাহজালাল হলের সামনে দিয়ে যাওয়ার সময় সিক্সটি নাইন পক্ষের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় এক পর্যায়ে শেখ আহমদকে মারধর করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিজয় পক্ষের নেতাকর্মীরা জড়ো হয়ে সিক্সটি নাইন পক্ষের কর্মীদের ধাওয়া দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ছাত্রলীগের দুই পক্ষের জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে তাদের সিনিয়রদের মধ্যস্থতায় তারা শান্ত হয়। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক আছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













