জবিতে হলের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন
প্রকাশ: ২০১৬-০৮-২৫ ১৮:৪৯:০৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হলের আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ভাই,তাদের জন্য হল চাই” এই স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীদের আবাসিক হল। ইতিহাস থেকে আমরা দেখতে পাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সকল আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ভাই ও বন্ধু। আমরা তাদের ন্যায় ও যুক্তিসঙ্গত এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাই। এই সমস্যা সমাধানে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মানা হলে প্রত্যেকটি ক্যাম্পাসে এই আন্দোলনের আগুন জ্বলে উঠবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সানবিডি/ঢাকা/সাকিব/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













