হলের দাবিতে ফের ধর্মঘটের ডাক জবির শিক্ষার্থীদের
প্রকাশ: ২০১৬-০৮-২৬ ২১:৪৩:০১
কেন্দ্রীয় কারাগারের পুরনো ভবনের জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা ফের দুই দিনের সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এতেও সরকার সাড়া না দিলে হরতালের হুমকি দিয়েছেন তারা।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিম এ কর্মসূচি ঘোষণা করেন।
মাহিম বলেন, শনিবার পুরান ঢাকাবাসীকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাস্তায়-রাস্তায় আলপনা অঙ্কন এবং প্রতিবাদী পথ নাটক আয়োজন করা হবে। রোববার ও সোমবার সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। এতেও যদি সরকার আহ্বানে সাড়া না দেয় তবে হরতালের মতো কর্মসূচি আসতে পারে।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজসহ বেশকটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, যমুনা টেলিভিশনের সাংবাদিক সুশান্ত সিনহা, অধ্যাপক এ এন রাশেদা, গণজাগরণ মঞ্চের মুখপত্র ইমরান এইচ সরকারসহ বরেণ্য ব্যক্তিরা সংহতি জানান।
সংহতি সমাবেশে বক্তারা অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণ ও নতুন আবাসনের দাবিতে ২ আগস্ট থেকে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। ধর্মঘট, বিক্ষোভসহ ক্যাম্পাস ও বাইরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













