জবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫
প্রকাশ: ২০১৬-০৮-২৮ ১৮:৪৫:৪১
কেন্দ্রীয় কারাগারের পুরাতন জায়গা হলের জন্য বরাদ্দ ও নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
রোববার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে শাখারি বাজার এলাকায় অবস্থান নিতে গেলে জবি শাখা ছাত্রলীগের সভাপতি এসএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলকারীদের বাধা দেন।
ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সকল কর্মসূচি পালনের নির্দেশ দেন সংগঠনটির নেতাকর্মীরা।
তবে এ নির্দেশনা না মেনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি জানালে ক্যাম্পাসের প্রধান ফটকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকেও শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা যায়।
এ হামলায় অন্তত ১৫ জনের মতো শিক্ষার্থী আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
হামলার শিকার আন্দোলকারী শিক্ষার্থী জবি ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে গলা টিপে দমবন্ধ করে ফেলার পাশাপাশি বৃষ্টির মতো কিল-ঘুষি মেরে আহত করে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













