ট্রেনের ধাক্কায় রাবি ছাত্রী নিহত
প্রকাশ: ২০১৬-০৮-২৮ ১৯:১৯:১০
ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকার রেললাইনে এ দুঘর্টনা ঘটে।
নিহত শান্তনা বসাক (১৯) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার মাধাইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের মেয়ে। শান্তনা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে চারুকলা এলাকার রেললাইনের পাশে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন শান্তনা। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শান্তনাকে ধাক্কা তিনি মাথায় আঘাত পান। তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তনার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিক জানান, গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, আমি খবর পেয়ে দ্রুত মেডিকেলে এসেছি। তার মরদেহ এখন মর্গে আছে। বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে।
নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে শুনেছি। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













