রাবির বিপ্লবী ছাত্রমৈত্রী নেতা আটক
প্রকাশ: ২০১৬-০৮-২৮ ১৯:৪২:৩৫
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তির্পূণ মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আটক করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাকে আটক করে। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ার বিষয়টি রাবি ছাত্রলীগ পুলিশকে অবহিত করে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় দিলীপ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে করে দুটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি দুটি ছিলো হুবহু এরকম- ১. ‘প্রধানমন্ত্রী হাসিনা আপনি বোধহয় আরেকটি ফুলবাড়ি দেখতে চাচ্ছেন এজন্য আপনাকে অভিনন্দন। জাতি অবশ্যাই আপনাকে এই অভিজ্ঞতা অর্জনে বাধিত করিবেন বলে জানি।’
২. ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে। তখন আপনার আফসোস করে বলবেন (উনার বাপের ডায়ালগটা)।’ স্ট্যাটাস দুটি দেয়ার দুই ঘন্টা পর ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে দিলীপ রায়কে আটক করে পুলিশ।
ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, আমরা পরিবহন মার্কেটে বসে ছিলাম। তখন পুলিশ এসে দিলীপ রায়কে বলেন আপনাকে যেতে হবে। কেন জানতে চাইলে পুলিশ বলে, ‘আপনাদের কাছে এ কথার জবাব দিতে পারবো না।’ পরে জানতে পারি ফেসবুকে দেয়া স্ট্যাটাসের কারণে তাকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমরা দিলীপের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে নিয়ে এসেছি। তাকে মতিহার থানায় রাখা হয়েছে। মামলা হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো মামলা করা হয়নি।
এদিকে বিপ্লবী ছাত্রমৈত্রী নেতাকে আটকের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এছাড়া প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাবি শাখা ছাত্রলীগ। বেলা ১টার দিকে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার জন্য দিলীপকে উপযুক্ত শাস্তি ও তার ছাত্রত্ব বাতিলের দাবি জানান।
এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমরা লিখিত অভিযোগ দিয়েছি তারপরে পুলিশ সিদ্ধান্ত নিবে তার বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













