কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সমাবেশ ও র্যালী
প্রকাশ: ২০১৬-০৮-৩১ ১৭:৩৯:৩৫
সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চুক্তি বাতিলের দাবিতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের মাসব্যাপী কর্মসূচীর শেষ দিনে পূর্ব নির্ধারিত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আম চত্বরে সমাবেশ করে জোটের নেতাকর্মীরা।
এর আগে গ্রন্থাগারের সামনে থেকে একটি র্যালী বের করে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উদিচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, ও বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে সুন্দরবন ধংস করে দেশে অন্যায় প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। এসময় তাদের আন্দোলনকে ন্যায় সঙ্গত দাবি করে ন্যায়ের পথে থেকে পরিবেশ রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, বিপ্লবী ছাত্র মৈত্রির সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ সভাপতি তাসনুভা তাহরীন অন্তরা, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ। এসময় প্রতিবাদী গান পরিবেশন করেন রাবি সমগীত সাংস্কৃতিক প্রঙ্গন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













