চট্টগ্রামে ১২ থানার ওসিকে প্রত্যাহার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০২ ২০:২৬:২৭


চট্টগ্রামের ১২ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে তাঁদের প্রত্যাহারের কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকার গঠনে আসার পর চট্টগ্রামে এই প্রথম থানার ওসি পদে রদবদল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, জেলার ১২ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এসব থানায় শিগগিরই নতুন ওসি দেওয়া হবে।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, হাটহাজারী মডেল থানার মো. মনিরুজ্জামান, রাউজান থানার জাহিদ হোসেন, আনোয়ারা থানার মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভূজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আছহাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ, মিরসরাই থানার মোহাম্মদ সহিদুল ইসলাম ও সন্দ্বীপ থানার মো. কবির হোসেন।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শিগগিরই ওইসব থানায় নতুন পরিদর্শকদের পদায়ন করা হবে।

এএ