পলিথিন নিষিদ্ধ অভিযান মনিটরিংয়ে পাঁচ সদস্যের কমিটি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-২৯ ১৮:৫৪:৫১
পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে নেওয়া কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ) কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে থাকছেন যুগ্মসচিব (পরিবেশ-১ অধিশাখা), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)।
এ কমিটি আগামী ১ নভেম্বর থেকে দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধে অভিযানের মনিটরিং করবে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও প্রয়োজনে মাঠ কার্যক্রম পরিদর্শন করবে।
এছাড়া পরিবেশ অধিদপ্তরও একটি পৃথক কমিটি গঠন করবে। অধিদপ্তরের কমিটি প্রতিদিন বিকেল ৫টার পর পরিচালিত অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কমিটিকে পাঠাবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














