সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-০৫ ১৪:৫৯:১৬
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে সারা দেশে দুদিন তাপমাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর পরের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ দিন ও রাত এবং আগামীকাল বুধবার (৬ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া পরদিন বৃহস্পতিবার (৭ নভেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ কদিন ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














