সাভারে শ্রমিক হত্যার দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জাবি ছাত্রশিবিরের
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-১৩ ১৫:১৪:০৯
সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির৷
বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন সংগঠটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাক শ্রমিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কখনোই কাম্য নয়। এ ঘটনার মাধ্যমে শ্রমিক জনতার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতাও জানান দিচ্ছে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি করছি।’
এতে আরও বলা হয়, ‘পোশাক শিল্প আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। পোশাক শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা, উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পোশাক শ্রমিকসহ রাষ্ট্রের সকল মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি।’
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













