গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেট: ২০২৫-০১-০২ ১৭:৪২:১৭


গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সুপারিশকৃত ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দেয়া হয়েছে। এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর এক হাজার ৮৯৬ জন প্রার্থীর অনুকূলে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয় বলছে, সমালোচনা এড়াতে ‘ক্লিন ইমেজ’ প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে আগে সুপারিশকৃত দুই হাজার ১৬৩ প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের মাধ্যমে আবার যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিবেদনে ২২৭ প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায়। এ কারণে তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ প্রার্থীর গেজেটভুক্তির বিষয়টি আবেদন পেলে পুনর্বিবেচনা করা হবে।

এম জি