‘জুনের মধ্যে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০১-০৯ ১৪:৫৯:৩৯
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট শতকরা হারে অতিরিক্ত অর্থ তথা মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করবে সরকার। আগামী ৩০ জুনের আগেই এটা বাস্তবায়ন হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান এ তথ্য জানান।
মোখলেসুর রহমান বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বর। ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল অ্যামাউন্ট পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’
এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’
পার্সেন্টের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করেন। তারা বলতে পারবে।’
কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।’
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














