জবিতে মুক্ত চলচ্চিত্র উৎসব-২০১৬-এর ভেন্যু উদ্বোধন
প্রকাশ: ২০১৬-১২-০৫ ১৮:১৪:১৫
‘মুক্ত চলচ্চিত্র-মুক্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে ‘বিকল্প চলচ্চিত্র তিন দশক’ পূর্তি উপলক্ষে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে ১৪ তম আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০১৬-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভেন্যু’র শুভ উদ্বোধন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। উল্লেখ্য, ১৪ তম আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০১৬-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভেন্যু’র ব্যবস্থাপনায় ছিলো বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্রে বাস্তব জীবনের নানা ছবি ফুটে ওঠে। এজন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে জীবনের দর্পন বলা হয়। পৃথিবীর অনেকে দেশেই আজ চলচ্চিত্র শিল্পকলা থেকে ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ কৌশলসহ নানা বিষয় শেখানো হয়। সংস্কৃতি বিকাশের জন্য আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের পাশাপাশি চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগ চালু করা হয়েছে।”
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মেন্টর জুনায়েদ আহমেদ হালিম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্বখ্যাত চীনা প্রফেসর ড. ক্সি ফাই, ফিকশন বিভাগের আরাজ ফারামারজী, ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টরি) বিভাগের জুরি জার্মানির মার্সেল মাইগা, থাইল্যান্ডের জুরি ও চলচ্চিত্রকার চালাইগা উম্মরুনগতি, শ্রীলংকার নেটপ্যাক ও অ্যাওয়ার্ড বোর্ড-এর জুরি ও চলচ্চিত্রকার ঢামিকা দসিানাইকা, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জাকির হোসেন, ১৪তম স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০১৬-এর পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী প্রমুখ। উল্লেখ্য, এটি এশিয়ার মহাদেশে প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। ১০৯টি দেশের ২,৫৬৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। ১০ ডিসেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পাঁচ শতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সানবিডি/জবি/ইসমাইল/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













