জাবিতে ‘পরিচ্ছন্ন ছাত্রনেতাদের’ হাতে নেতৃত্ব দিতে চায় কেন্দ্রীয় ছাত্রলীগ

প্রকাশ: ২০১৬-১২-০৬ ১৭:৩৭:১৬


JU-gate-400যে কোনো সময় হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কমিটি। আসন্ন এই কমিটি নিয়ে ক্যাম্পাসের ভাবমূর্তি ও মূল্যায়নের প্রশ্ন জড়িত। আর এমন পরিবেশে নানা জল্পনা-কল্পনার বাসা বাঁধতে শুরু করেছে ছাত্র সহ নানা শ্রেণী পেশা মানুষের মধ্যে। তাছাড়া কমিটিকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ।

তবে আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে ত্যাগী, মাদকমুক্ত ও অবিতর্কিত ক্লিন ইমেজের নেতারাই আসছেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। এদিকে থেকে পদ পাওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন বর্তমান কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা ও আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দু’এক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন। এবারের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভাশীষ কুন্ড টনি, আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সহ-সম্পাদক তানভীর হাসান খান, আল বেরুনী হল (সম্প্রসারিত ভবন) সভাপতি সুমন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিমন ও শহীদ রফিক জব্বার হলের সভাপতি নওশাদ আলম অনিক প্রমুখ।

এদের মধ্যে ক্লিন ইমেজ থাকায় সভাপতি পদের জন্য মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক পদের জন্য আবু সুফিয়ান চঞ্চল প্রাধান্য পাচ্ছেন। মো. জুয়েল রানা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ জানুয়ারী নির্বাচন পরবর্তী সময় মাহমুদুর রহমানের সঙ্গে থেকে রাত জেগে ক্যাম্পাস টহল দিয়েছেন। ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত ক্যাম্পাসে আসলে তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বিতারিত করেছেন তিনি। ছাত্রলীগের প্রায় প্রতিটি সভা-সমাবেশ ও মিছিলে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে তিনি তার অবস্থান শক্ত করেছেন। পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা মো. আব্দুস সালাম টাঙ্গাইল জেলার দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

অপরদিকে সাধারণ সম্পাদক রাজিব আহমেদের আস্থাভাজন আবু সুফিয়ান চঞ্চলও প্রথম বর্ষ থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনিও ছাত্রলীগের প্রায় প্রতিটি সভা-সমাবেশ ও মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তাছাড়া পারিবারিকভাবেও তিনি বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামীগের সাথে জড়িত।

কমিটির বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “আমরা যথাসম্ভব শিঘ্রই জাবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা কবর। কমিটির জন্য প্রার্থীদের বিষয়ে চুড়ান্ত পর্যায়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে । আমরা পরিচ্ছন্ন ইমেজের নেতাদের হাতেই জাবি ছাত্রলীগের নেতৃত্বের ভার তুলে দিব”।