নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্মদিন

আপডেট: ২০১৬-১২-১৪ ১১:৫১:৩৭


mohitul-alamজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ড. মোহীত উল আলম-এর ৬৪ তম জন্মবার্ষিকী আগামীকাল ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উৎযাপিত হবে। ময়মনসিংহের শিল্পকলা একাডেমিতে বিকেল ৪:০০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি কবি আসাদ মান্নান।

সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও গবেষক ফাতেমাতুজ্জোহরা। কবি ও কথাসাহিত্যিক মোহীত উল আলম-এর প্রকাশিত ‘ইউনিকোডের ইলশে গুঁড়ি’ কবিতাগ্রন্থের পাঠ উম্মোচন, সামগ্রিক সৃষ্টির মূল্যায়নসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৬৪ তম জন্মবার্ষিকি পালন অনুষ্ঠানের আহবায়ক কবি মাসুম মোকাররম এবং সদস্য সচিব গল্পকার মেহেদী উল্লাহ ।

প্রফেসর ড. মোহীত উল আলম ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর বন্দর নগরী চট্টগ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম আলম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদে। প্রখ্যাত সাহিত্যিক ও একুশে পদকপ্রাপ্ত মৃত মাহ্বুব উল আলম-এর ৫ম পুত্র প্রফেসর ড. মোহীত উল আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিভাগে মাস্টার্স ডিগ্রী ও কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স এবং চট্টগ্রাম কলেজ হতে বিএ সম্মান ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং প্রবন্ধ পাঠ করেছেন। উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৯ সালে মাননীয় উপাচার্যের শ্রদ্ধেয় পিতা মাহ্বুব উল আলম-এর গ্রামের বাড়ী চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদে রাত্রি যাপন করেন। কবি নজরুল এবং মাহ্বুব উল আলম উভয়েই ৫৯ বাঙ্গালী পল্টনে যোগদান পূর্বক বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। উপাচার্যের চাচা জনাব দিদারুল আলম কবি নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রায় তিন দশকের অভিজ্ঞতা সম্পন্ন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- এর কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি ও মানবিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহীত উল আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গত ১৩ আগস্ট ২০১৩ তারিখ মঙ্গলবার অপরাহ্নে যোগদান করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা মোতাবেক রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর এই গুণী ব্যক্তিত্ব প্রফেসর ড. মোহীত উল আলম- কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৪ বছর মেয়াদে নিয়োগ প্রদান করেন। প্রফেসর ড. মোহীত উল আলম এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য এবং দ্বিতীয় কবি উপাচার্য। তিনি এই  বিশ্ববিদ্যালয়ে যোগদানের প্রায় সাড় তিন বছরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে গতিশীলতা আনয়ন করেন। তাঁর সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে। উপাচার্য কবি নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সদা কাজ করে চলেছেন।

এছাড়া প্রফেসর ড. মোহীত উল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দীর্ঘ প্রায় তিন দশক যাবৎ শিক্ষকতা করেছেন। তিন দশকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বর্পূণ প্রশাসনিক ও এ্যাকাডেমিক দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. মোহীত উল আলম একাধারে কবি ও প্রাবন্ধিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর প্রায় ৪০ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে যার মধ্যে আছে কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, ফিকশন ও ননফিকশন এবং ইংরেজি শিক্ষকতা বিষয়কগ্রন্থ। এছাড়া তিনি বাংলা ও ইংরেজি বিভিন্ন সংবাদপত্রে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কলাম লিখেছেন। খেলাধুলা বিশেষ করে ফুটবল, ক্রিকেট এবং দাবার বিভিন্ন বিষয় নিয়েও তিনি বিভিন্ন দৈনিক সংবাদপত্রে নিয়মিত কলাম লিখেন।

সানবিডি/ঢাকা/এসএস