যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশ: ২০১৬-১২-১৪ ১৫:৫৭:০৫


iu-pic-14-12-16কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল সোয়া নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে উক্ত দিবসের কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকাল সেয়া নয়টায় প্রশাসন ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রাশিদ আশকারী জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান কালো পতাকা উত্তোলন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হলে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি সৌধের সামনে শেষ হয়। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, ইবি ল্যাবরেটারী স্কুল, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে স্মৃতি সৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন, কর্মকর্তা কর্মচারীদের সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং স্বেচচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত সকল বুদ্ধিজীবীদের সম্মানার্থে এক মিনিট ননিরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

পুষ্পস্তবক অর্পন শেষে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের জেষ্ঠ অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রাশিদ আশকারী, বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী বলেন, ‘ ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আর ফিরে পাব না। তাদের এই চলে যাওয়া দেশ ও মাতৃকার অপূরনীয় ক্ষতি। কিন্তু তাদের এই হারানো এই ক্ষতি বা বেদনা যদি আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই দায়িত্ব নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমি দৃঢ় কন্ঠে বলতে চাই মুকিত্যুদ্ধের পক্ষে, প্রগতীশীলতার পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে বু্িদ্ধজীবী তৈরীতে ইসলামী বিশ্ববিদ্যালয় কারখানা হিসেবে কাজ করবে।’

এসময় আরো আলোচনা রাখেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম (জোহা), সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিন, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।

সানবিডি/ঢাকা/তারিক/এসএস